
বাংলাদেশের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আলোচনায় এসেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারী সাফিউস সামি আলমগীর। একই সঙ্গে উদ্ভাবনী প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ‘স্টার্টআপ অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে।
সাফিউস সামি আলমগীর সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার একমাত্র কন্যা এবং সিলেট জেলা বিএনপির নেত্রী সৈয়দা আদিবা হোসেনের স্বামী।
সামিউস সামি আলমগীর বর্তমানে টম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। উৎপাদনশিল্প, শিল্পোন্নয়ন, বিনিয়োগ ও বেসরকারি খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ডুবোটেকের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানটির অবস্থান শক্তিশালী করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ডুবোটেক ডিজিটাল লিমিটেড একটি দেশীয় প্রতিরক্ষা ও স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান। সামরিক রোবোটিক ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপারেটিং সিস্টেম তৈরি করেছে। তাদের FORTIS প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে বিভিন্ন প্রতিরক্ষা এবং নিরাপত্তা কার্যক্রমে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রযুক্তি পোর্টফোলিওতে রয়েছে স্বয়ংক্রিয় পানির নিচের যান (AUV), চালকবিহীন সামুদ্রিক যান (USV), চালকবিহীন স্থলযান (UGV), অধিক পেলোড বহনে সক্ষম ড্রোন, বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিরাপত্তা প্ল্যাটফর্ম।
উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্প মন্ত্রণালয়ের অধীন আয়োজিত ন্যাশনাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড-২০২৫-এ ডুবোটেক ‘স্টার্টআপ অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশীয় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (SBL) থেকেও বিনিয়োগ পেয়েছে ডুবোটেক।
প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা জাতীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ডুবোটেকের প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেছেন বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাফিউস সামি আলমগীরের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বিভিন্ন পণ্য ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন।

এ ছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিষ্ঠানটির একাধিক চুক্তি স্বাক্ষর এবং ক্রয়াদেশ পাওয়ার তথ্য রয়েছে। এসব চুক্তির আওতায় প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ ও কার্যকর বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রযুক্তি উদ্ভাবন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ডিপ-টেক শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ডুবোটেক। দেশীয় প্রযুক্তির উন্নয়ন, স্বয়ংক্রিয় ব্যবস্থার বাণিজ্যিক ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারণে প্রতিষ্ঠানটির নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
এদিকে ডুবোটেকের চেয়ারম্যান হিসেবে সাফিউস সামি আলমগীরের দায়িত্ব গ্রহণ এবং প্রতিষ্ঠানটির জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁর স্ত্রী, সিলেট জেলা বিএনপির সদস্য সৈয়দা আদিবা হোসেন। তাঁর এই অর্জন পরিবার ও বৃহত্তর সিলেটবাসীর জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশীয় প্রযুক্তি, শিল্প বিনিয়োগ ও উদ্ভাবনী উদ্যোগে সাফিউস সামি আলমগীরের এই নতুন দায়িত্ব বাংলাদেশের প্রযুক্তিশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।