একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, উন্নত ও জনবান্ধব শ্রীমঙ্গল পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রত্যাশী মোঃ নুরুল আলম সিদ্দিকী। তিনি মনে করেন, মেয়রের পদ কোনো ক্ষমতা ভোগের চেয়ার নয়; বরং এটি জনগণের সেবা ও দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অবস্থান। তাই নির্বাচিত হলে নিজেকে ক্ষমতাবান নয়, জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
শ্রীমঙ্গল পৌরসভাকে একটি পরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেছেন মোঃ নুরুল আলম সিদ্দিকী।
তাঁর অঙ্গীকার অনুযায়ী, নাগরিক সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করা হবে। জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সেবাগুলো সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে চালু করা হবে হটলাইন ও অনলাইন অভিযোগ ব্যবস্থা।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট চলাচলের উপযোগী করা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং খাল-নালা পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পর্যায়ক্রমে সড়কবাতি স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।
নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নারীদের আত্মনির্ভরশীল করতে সহযোগিতা করার পরিকল্পনাও রয়েছে তাঁর। একই সঙ্গে দরিদ্র, অসহায় ও প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ নুরুল আলম সিদ্দিকী আরও বলেন, পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো নাগরিক যেন সেবা নিতে এসে হয়রানি কিংবা অনৈতিক অর্থ দাবির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে স্থানীয় নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং প্রতিটি ওয়ার্ডের প্রয়োজন অনুযায়ী সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও অঙ্গীকার করেন, মেয়র নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য মেয়র কার্যালয়ের দরজা সবসময় উন্মুক্ত রাখার চেষ্টা করবেন। প্রতি বছর পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও ব্যয়ের বিষয়ে জনগণের সামনে জবাবদিহি নিশ্চিত করবেন।
মোঃ নুরুল আলম সিদ্দিকীর ভাষ্য, তিনি কেবল প্রতিশ্রুতির রাজনীতি করতে চান না; বরং বাস্তব উন্নয়ন, সততা, স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভার মানুষের আস্থা অর্জন করতে চান।
তাঁর প্রত্যাশা, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে শ্রীমঙ্গল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারবেন।