
নরসিংদীর শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা রোধে উল্টো পথে যানবাহন চলাচলের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উল্টো পথে যানবাহন চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হয়।
এ সময় সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যত্রতত্র ও উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান পরিচালিত হলে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।