
নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে ম্যাগাজিনভর্তি ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ থেকে ৬ জন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার মুনসেফেরচর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়ার নির্দেশনায় এসআই কাইয়ূম ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
পুলিশের কাছে তথ্য ছিল, মুনসেফেরচর পূর্বপাড়ার সাকিল গাজীর বসতবাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী চক্র গোপন বৈঠকে মিলিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে কাজী শিপন (২৪), মো. জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ম্যাগাজিনভর্তি ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং রেজিস্ট্রেশনবিহীন পুরোনো পালসার এএস ১৫০ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ৭ নভেম্বর ২০২৬ তারিখে শিবপুর মডেল থানায় জিডি নম্বর ৩২৪ মূলে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।