সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২ নভেম্বর ২০২৬ ইং তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া স্কুল অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান, সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক পরিচালনার ফলে প্রতিষ্ঠানটি আজ একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এ প্রতিষ্ঠানের সাফল্য ও সুনাম দেখে তিনি নিজেও গর্বিত বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সমগ্র গোলাপগঞ্জবাসীর গৌরব ও অহংকার।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও কৃতী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, গোলাপগঞ্জ বিএনপির অন্যতম সিনিয়র নেতা হেলালুজ্জামান হেলাল।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা জোগানোর মধ্য দিয়ে শেষ হয়।