সুনামগঞ্জ সদর উপজেলার ৩নং সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মোছাঃ ফাতেমা বেগম। ইউনিয়নের উন্নয়নবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামতে চান।
আমীরপুর, সদরগড়, কুরুতলা, পূর্ব সদরগড়, অক্ষয়নগর, ইব্রাহিমপুর, জগন্নাথপুর ও মঈনপুর এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন, ভোট ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোছাঃ ফাতেমা বেগম বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় ৩নং সুরমা ইউনিয়ন উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। পুরো ইউনিয়নই যেখানে উন্নয়নবঞ্চিত, সেখানে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগ আরও বেশি। এলাকার মানুষের বাস্তব সমস্যা ও বঞ্চনার বিষয়গুলো তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চান।
নারীদের অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, এলাকার নারীরা এখনো নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। তিনি নির্বাচিত হলে নারীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন। অসহায় নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন।
নিজের প্রত্যাশা ব্যক্ত করে ফাতেমা বেগম আরও বলেন, মানুষ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে না, কিন্তু মানুষের ভালো কাজ ও অবদান স্মৃতিতে অম্লান হয়ে থাকে। অর্থ-সম্পদ ক্ষণস্থায়ী, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় অর্জন। তাই তিনি মানুষের কল্যাণে এমন কিছু কাজ করতে চান, যাতে মৃত্যুর পরও মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে জনগণের সেবাই হবে তাঁর মূল লক্ষ্য।
জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উন্নয়নবঞ্চিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সম্ভাব্য এই সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী।