
মো, মিল্টন হোসেন, রিয়েল খবর। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে ভোরবেলায় আকস্মিক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৪ নভেম্বর) ভোরের দিকে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নগরবাথান এলাকায় হঠাৎ একদল যুবক সড়কের পাশে জড়ো হয়। তারা হঠাৎ করেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উঠে এবং মুহূর্তের মধ্যে সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। ঝটিকা এই পিকেটিং ও স্লোগানের শব্দে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে সড়কের পাশে জড়ো হতে থাকেন। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি বাড়ার আগেই বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
ঘটনাটি ঘটার পর থেকেই নগরবাথানসহ অত্র এলাকার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এই আকস্মিক মহড়া ও বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে উক্ত বিক্ষোভে ঠিক কারা অংশ নিয়েছিলো কিংবা কারা নেতৃত্বে ছিলো সে বিষয়ে স্থানীয়দের কেউ ভয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই ঝটিকা মিছিল ও টায়ার জ্বালানোর ঘটনায় জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। বর্তমানে উক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। জড়িতদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।