
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর মেশিন (ভেকু) জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলার চক্রধা ইউনিয়নের হাজীপাড়া, নীনগাঁও ও দোপাথর এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র চক্রধা ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছিল। এতে একদিকে কৃষিজমির উৎপাদনক্ষমতা ও উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়। তবে প্রশাসনের অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মেশিনটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভেকুর মালিককে শনাক্ত করে তাঁর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জমির মালিকদের বিরুদ্ধেও নোটিশ প্রদানসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কৃষিজমির উর্বরতা রক্ষা, খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।