
ঝিনাইদহের মহেশপুরে আর্থিক লেনদেন নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পুড়াদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গ্রামের মাঠে পাশাপাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন ওই গ্রামের নূর মোহাম্মদ ও জসিম উদ্দিন। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের জামাই বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদকে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় নুর মোহাম্মদ।