
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে।
এদিকে, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মৌচাক ও আশপাশের এলাকার সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।