
নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুরের কামারকোষা এলাকায় পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৭টি মামলায় মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সহযোগিতায় পরিচালিত অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(১) ধারার বিধান লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে এসব মামলা করা হয়।
অভিযানকালে প্রায় ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংশ্লিষ্টদের মতে, এসব অনিরাপদ সংযোগের কারণে গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ড ও প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদের সুরক্ষা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল।