শিরোনাম :
পিতার কবর জিয়ারত ও শ্রমজীবীদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বর্তমান চেয়ারম্যান আসলাম হালদার মাধবপুরে জাতীয় তেল পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা মুকসুদপুর কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদরগড় গ্রাম কার্যকর কোন পদক্ষেপ না দেখে দিশেহারা তীরবর্তী মানুষ। গোলাপগন্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ” A MC food Court” এর যাত্রা শুরু। ষড়যন্ত্র করে লাভ নেই, মৃত্যুর ভয় করি না সত্যের পথে আছি, কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: সংবাদকর্মী তৌসিফ মাহমুদ এক অবিস্মরণীয় অবিসংবাদিত জননেতা ছিলেন ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। অবৈধভাবে বালু- মাটি উত্তোলন, টপ সয়েল ও পাহাড় কাটলে কঠোর শাস্তি ; শিবপুরে উপজেলা প্রশাসনের সর্তকতা শিবপুরের বাঘাবা ইউনিয়নের লামপুর গ্রামের সমাজসেবক আবুল বাশার ভূইয়া পরিবারসহ ওমরাহ পালনে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন।

মাধবপুরে জাতীয় তেল পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মোঃ সাবিবুর রহমান
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

 

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে জাতীয় জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন ছিদ্র করে প্রায় ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট তেল চুরির ঘটনা ঘটেছে। রাস্তার মাটির স্তূপের আড়ালে বিশেষ পাইপ বসিয়ে দীর্ঘ সময় ধরে তেল চুরির এ ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে চুরি করা তেল মজুত করা হয় বাড়ির বড় বড় ট্যাংকিতে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত ৪ নভেম্বর রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় জিটিসিএল নিয়ন্ত্রিত জাতীয় গ্রিডের দক্ষিণাঞ্চলীয় তেল পাইপলাইনে এ চুরির ঘটনা ঘটে।

জিটিসিএলের হিসাব অনুযায়ী, গত দুই দিনে পাইপলাইন থেকে আনুমানিক ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট তেল চুরি হয়েছে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার রাতে ঘটনাস্থলের আশপাশে সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলের পাশে যেতে চাইলে তিনি বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।

দুলাল মিয়ার দাবি, ইসলাম উদ্দিন এ চুরির সঙ্গে জড়িত। পরে তাঁর বাড়ির পুকুর থেকে তেল মজুতের জন্য ব্যবহৃত বড় দুটি পানির ট্যাংকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পাওয়া যায়।

নিরাপত্তাকর্মী শামসু মিয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের সময় রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় রাস্তার মাটি কেটে স্তূপ করে রাখা হয়েছিল। সেই মাটির স্তূপের আড়ালে পাইপলাইন ছিদ্র করে বিশেষ পাইপ সংযোগের মাধ্যমে তেল চুরি করা হয়। ফলে বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আসেনি। ঘটনার রাতে তেলের গন্ধ পেয়ে তাঁরা চুরির বিষয়টি শনাক্ত করেন।

তিনি জানান, পাইপলাইন থেকে প্রায় ১৫০ গজ দূরে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ি। এর আগেও একই এলাকার জামতলায় পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছিল।

শামসু মিয়া আরও বলেন, পাইপলাইনের পাশেই গ্যাসের লাইন রয়েছে। ফলে সেখানে আগুন লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পাশাপাশি তেল ও গ্যাস সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল।

মামলার বাদী ও জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, সিলেটের বিভিন্ন গ্যাসক্ষেত্রে উৎপাদিত কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে আশুগঞ্জের কনডেনসেট স্থাপনায় নেওয়া হয়। সংঘবদ্ধ চক্রটি মাটির গভীরে গর্ত করে পাইপলাইনে ছিদ্র করে নতুন পাইপ সংযোগ দিয়ে তেল চুরি করেছে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন ও তাঁর সহযোগীরা জড়িত বলে অভিযোগ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, বিশেষ সরঞ্জাম স্থাপন করে পাইপলাইন থেকে কৌশলে তেল বের করা হতো। পরে চুরি করা তেল বড় বড় ট্যাংকিতে সংরক্ষণ করা হতো।

জিটিসিএলের জিএম ও নিরাপত্তা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, উত্তর-দক্ষিণ জাতীয় তেল পাইপলাইন দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। স্থানীয় লোকজনকে দিয়ে এ লাইনের নিরাপত্তার দায়িত্ব পালন করানো হচ্ছে। কিন্তু একটি চক্র সুযোগ পেলেই পাইপলাইন ছিদ্র করে অপরিশোধিত তেল চুরির চেষ্টা করে। গত ৪ নভেম্বর রাতে অত্যন্ত কৌশলে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় লোকজন পুকুর খনন বা মাটি কাটার সময় পাইপলাইন বের হয়ে আসার খবর দিলে তা মেরামতের ব্যবস্থা নেওয়া হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা শামসু চৌধুরী জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, পাহাড়, হাওর ও বিলের মধ্য দিয়ে বিস্তৃত গুরুত্বপূর্ণ এ পাইপলাইনের নিরাপত্তায় মাত্র চারজন নিরাপত্তাকর্মী দিয়ে দিন-রাত পাহারার ব্যবস্থা রয়েছে। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে মাধবপুরের রঘুনন্দন, রতনপুর জামতলা, নারায়ণপুর, সাতবর্গ, বোয়ালিয়া ও শাহপুর ফরেস্ট অফিসসহ বিভিন্ন নির্জন এলাকায় পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। বিশেষ করে শুকনো মৌসুমে চোরচক্রের তৎপরতা বেড়ে যায় বলে জানা গেছে।

জাতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ রক্ষায় পাইপলাইনের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com