
নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশ, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়ন এবং রায়পুরা থানাধীন নিলক্ষ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১৪টি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
অন্যদিকে, রায়পুরা থানাধীন নিলক্ষ্যা ইউনিয়নে পরিচালিত অভিযানে রাস্তা অবরোধ ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কয়েকটি লোহার গেট উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন স্থানে তল্লাশি ও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হয়।
অভিযান পরিচালনার সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধীদের শনাক্ত করা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা পুলিশের বার্তা: অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।