সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সিলেট বিভাগের মানুষের অন্যতম প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে অসদাচরণ, যথাযথ চিকিৎসাসেবা না দেওয়া, দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও জনসচেতনতামূলক প্রতিবেদন প্রচার হলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
এরই ধারাবাহিকতায় গতদিন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলে সাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দুর ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এতে তাঁরা গুরুতর আহত হন বলে জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসক এবং এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দুর ওপর হামলার ঘটনায় দৈনিক দেশ প্রতিদিন ও রিয়েল খবর অনলাইন পরিবারের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।