মাগুরায় আগস্ট ২০২৬ মাসে সর্বাধিক মাদক উদ্ধারকারী হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাব-ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসানকে অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মাদকবিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদান করেন মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, আগস্ট মাসে মাদকবিরোধী বিভিন্ন অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে ভূমিকা রাখেন সাব-ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসান। তার এ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে মাসিক কল্যাণ সভায় তাকে অর্থ পুরস্কার দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রিয়েল খবর | Real Khabor TV
সত্য প্রকাশে, নির্ভীক আমরা