
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোররাতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।