
নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘বিসমিল্লাহ বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মডেল থানা পুলিশ ও নরসিংদীর নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়। মামলায় বেকারির একজনকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে ঘটনাস্থলেই অর্থদণ্ডের ১ লাখ টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেকারিটিতে দীর্ঘদিন ধরে বিধি-বিধানের তোয়াক্কা না করে অত্যন্ত অস্বাস্থ্যকর ও মানহীন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। এসব খাদ্যপণ্য মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার আশঙ্কা থাকলেও বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।
অভিযানকালে বেকারি কর্তৃপক্ষকে মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরবরাহের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।