
বসির আহমেদ, রিয়েল খবর।
“ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দপ্তরের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শফিউল আলম এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি চিকিৎসক এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা বজায় রাখতে ডিমের ভূমিকা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরা হয়। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে ডিম খাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।