
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঝিনাইদহে শহরের ফুড সাফারি অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুপন সরকারের সভাপতিত্বে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ তথ্য অফিসার আব্দুর রউফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম সুরুজ, এইচএসএস সড়কের সভাপতি শহিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, এছাড়াও শহরের বিভিন্ন ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে খাদ্যে ভেজাল রোধ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পণ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তার অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, উৎপাদক, ব্যবসায়ী, বাজার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তি ও ভোক্তা—সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজারে খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত ভাবে খাদ্য সংরক্ষণ ও বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বাজার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা অংশ নেন। বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।