
মেধাবী শিক্ষার্থী ও হরিণাকুণ্ডু পোস্ট অফিসের উদ্যোক্তা শামীমা আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন। ধারাবাহিক ভাবে অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেন।
শামীমা আক্তার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী। তিনি শহরের চিথলিয়াপাড়া এলাকার পিন্টু সর্দার ও রোমেলা বেগমের গর্বিত সন্তান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শামীমা আক্তারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন কৃতি শিক্ষার্থীকে এবারের ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং ২৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়।
শামীমা আক্তারের এ অর্জনে তাঁর পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।