
ইতালি পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় পাঠিয়ে ২১ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদীতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুবোধ চন্দ্র দাস (৩১) ও শিমুল চন্দ্র দাস (৩৭)।
পিবিআই জানায়, ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ২১ লাখ ৯৮ হাজার টাকা নেওয়া হয়। পরে তাকে মালয়েশিয়ায় পাঠানো হলে সেখানে দেওয়া ভিসা জাল বলে শনাক্ত হয়। ৮ জুন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় আদালতের নির্দেশে ৩ অক্টোবর নরসিংদী মডেল থানায় মামলা হলে তদন্তে নামে পিবিআই। ৬ অক্টোবর রাতে গাজীপুরের তিতারকুল থেকে সুবোধ এবং নরসিংদীর টাউয়াদী এলাকা থেকে শিমুলকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।