
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মো. শমশের আলীর ছোট ছেলে ও ইতালি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়া ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন।
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সপসময় জেলা প্রশাসক ও রিন্টু মিয়া পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি জেলার বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
জানা যায়, ইতালি প্রবাসী রিন্টু মিয়া ঝিনাইদহ সদর উপজেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বৈধ পথে ইতালি থেকে নিয়মিত বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করছেন তিনি।
ইতালি প্রবাসী রিন্টু মিয়া বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি বৈধ পথে নিয়মিত রেমিট্যান্স পাঠানোর চেষ্টা করি। প্রবাসে থেকেও নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াতে এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চাই। জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও দেশের অর্থনীতি ও নিজ এলাকার মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, প্রবাসীরা বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রিন্টু মিয়া নিয়মিত রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন- এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ ধরনের কার্যক্রম অন্য প্রবাসীদেরও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন।