
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে এক ‘মাদক বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর (শুক্রবার) ঝিনাইদহের স্টেডিয়াম পাড়ায় স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি; মাদকমুক্ত ঝিনাইদহ আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করে ‘স্টেডিয়াম পাড়া সচেতন নাগরিক সমাজ’।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো: আসাদুজ্জামান এবং জেলা যুবদলের সভাপতি জনাব মো: আহসান হাবিব রনক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্টেডিয়াম পাড়া সচেতন নাগরিক সমাজ’-এর আহ্বায়ক জনাব সৈয়দ মোস্তফা কামাল নবাব।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমান তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং এলাকার সর্বস্তরের মানুষকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে মাদকমুক্ত ঝিনাইদহ গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।