
ঝিনাইদহে সামাজিকভাবে আলোচিত শিক্ষক মিশন আচার্যের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। বুধবার ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় মিশন আচার্যের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান আনুষ্ঠানিকভাবে মিশন আচার্যের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

নিয়োগপত্র হস্তান্তরকালে মো. রাশেদ খান বলেন, “মেধা, যোগ্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সমাজের প্রতিটি যোগ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। শিক্ষক মিশন আচার্যের এই নিয়োগ তাঁর সততা, যোগ্যতা ও ত্যাগের স্বীকৃতি।”
এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ শিক্ষক মিশন আচার্যকে অভিনন্দন জানান এবং শিক্ষাক্ষেত্রে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নিয়োগপত্র গ্রহণ করে শিক্ষক মিশন আচার্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।