মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোনো ধরনের গুজব, অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর প্রশাসক, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সাইবার ইউজার দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নেন।
সার্বিক সহযোগিতা, প্রশাসনিক তৎপরতা ও সবার আন্তরিক প্রচেষ্টায় শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।