ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন মুদি দোকানে তদারকি করে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা (অতিরিক্ত দায়িত্ব) এর স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে পণ্যের সঠিক মূল্য ও মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।