
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বৃহস্পতিবার ভোরে চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন।
নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, তারেক মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করে তারেক। এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান হাত-পা বেঁধে তাকে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তারেকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয়।