
আইন মেনে নির্বিঘ্নে পণ্য সরবরাহে প্রশাসনের সহযোগিতা কামনা
ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আহসান হাবিব রনক। সভা সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি আব্দুল মতিন মুক্ত।
সভায় সমিতির পক্ষে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন লিটু, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুস সবুর এবং কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, পরিবেশক ব্যবসায়ীরা সারা দেশে বিভিন্ন ধরনের পণ্য সাধারণ দোকানদারদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেন। আইন মেনে নির্বিঘ্নে পণ্য সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য তাঁরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান ও হাইওয়ে পুলিশের ওসি আমিনুর রহমান। তাঁরা আইন মেনে চলার শর্তে সমিতির সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পণ্য সরবরাহের গাড়ি রাস্তার পাশে, স্কুল-কলেজের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান, যাতে যানজট সৃষ্টি না হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে।
সভায় সমিতির উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে সমিতির সভাপতি আহসান হাবিব রনক সভার সমাপ্তি ঘোষণা করেন।
রিয়েল খবর
সত্য প্রকাশে নির্ভীক আমরা