নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পাঁচদোনা-টঙ্গী সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার বাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট দিতে বাড়ি থেকে বের হন সোহেল। পরে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সড়কের নিরাপত্তা বেষ্টনীর কিছুটা নিচে দাঁড়ান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ফলে তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করেন।
নিহতের বাবা জালাল মিয়া বলেন, সোহেল বিভিন্ন স্থানে চাকরি করতেন। এবার তার স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার। বিদেশ যাওয়ার প্রক্রিয়ার সবকিছু প্রায় সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবার ঢাকায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা ছিল। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া কাভার্ডভ্যান ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।