
নরসিংদীর পলাশে মো: মাহিন (১৪) নামে এক কিশোর ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে মেলায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাহিন নোয়াকান্দা গ্রামের মুরশিদা বেগম ও শামিম দম্পতির ছেলে। তারা ওই গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।
নিখোঁজের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর মাহিন নরসিংদীর পলাশ উপজেলার ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী শিবপুর উপজেলার বাজনাবো গ্রামে দাদার বাড়ির উদ্দেশ্যে বের হয়। সেখানে শিল্প মেলা দেখার কথা ছিল তার। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
মাহিনের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় মাহিনের মা মুর্শিদা বেগম পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের সময় মাহিন কোথায় ছিল বা বর্তমানে তার অবস্থান কোথায়—এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি মাহিনকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।