
নরসিংদীর ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার সাকুরার মোড়ে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং চট্টগ্রাম থেকে আসা প্রাণ-আরএফএলের একটি কাভার্ডভ্যান পাঁচদোনার সাকুরার মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক জসিম (৩৫) ও কাজী পরিবহনের তিন যাত্রী আহত হন।
দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক জসিম গুরুতর আহত হওয়ায় পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। আহত অন্য তিনজনকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। স্থানীয়দের ধারণা দ্রুত গতির কারণে এ ঘটনা ঘটে।