
মরমি সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে লালন শাহের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা ও বাংলা লোকসংস্কৃতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. আশিস বিন হাসান এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ এনামুল কবির মুকুল, সহসাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, জেলা জাসাসের আহ্বায়ক এম. এ. কবির ও সদস্যসচিব কামরুজ্জামান লিটন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ অঙ্কুর একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, উপজেলা জাসাসের আহ্বায়ক সাঈদ বিশ্বাস ও সদস্যসচিব আলমগীর হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফকির লালন শাহ ছিলেন মানবতাবাদী দর্শনের অন্যতম পথিকৃৎ। তাঁর গান ও দর্শনে জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা রয়েছে। তাঁর সৃষ্টিকর্ম বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের চিন্তা-চেতনায় প্রভাব বিস্তার করে চলেছে।
বক্তারা লালন শাহের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধক লালনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।