
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মাতুব্বর আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে একটি গরু জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনার প্রতিবাদ করায় আনু মন্ডলের সমর্থক ও প্রবাসী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে বকুল বিশ্বাসের সমর্থকেরা মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জের ধরে পরে আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত সাতজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার