
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে অন্তর হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর হোসেন ওই গ্রামের উজ্জল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল অন্তর। রাত আনুমানিক ১টার দিকে ঘুম ভেঙে গেলে সে ডান কানে তীব্র ব্যথা অনুভব করে। পরে মাকে ডাকলে তার মা তাকে নাপা ওষুধ খেতে দেন। তবে এতে ব্যথা না কমায় রাত আনুমানিক ৩টার দিকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাত ৪টার কিছু সময় পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেটে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই অন্তর হোসেনের মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার