ঝিনাইদহ, ১ অক্টোবর:
ঝিনাইদহের শৈলকুপায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলা ও গোপনাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সুমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক ৩টার দিকে শৈলকুপা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়ুয়াকান্দি গ্রামের কৃষক মিরাজ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় এক বছর আগে সুমাইয়া খাতুনকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।

এদিকে মিরাজ বিশ্বাস বর্তমানে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ স্বামীর সেবা-যত্ন না করা নিয়ে বুধবার তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ তার স্ত্রীকে থাপ্পড় দেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার পর রাতে মিরাজ ঘুমিয়ে পড়লে সুমাইয়া খাতুন ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও গোপনাঙ্গে আঘাত করে হত্যার চেষ্টা করেন।
মিরাজের আত্মচিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত সুমাইয়া খাতুনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার