মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল নদী থেকে মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ বাকী আরেকজনকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার বিকেল আনুমানিক চারটার দিকে শিবপুরের লাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন কয়েকজন। সাঁতার কাটার এক পর্যায়ে তীব্র স্রোতে চারজন নদীতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করে তীরে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের কর্মকর্তা জানান, গোসল করতে নেমে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই আমাদের চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমরা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। নিখোঁজ থাকা শেষ ব্যক্তিটিকে উদ্ধারে নদীর সম্ভাব্য স্থানে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিহতদের স্বজনদের কান্নায় লাখপুর গ্রাম ও নদী তীরবর্তী এলাকায় এখন এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ থাকা শেষ ব্যক্তিটিকে উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান চলবে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার