রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে একটি পাটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত টলি উল্টে চাপা পড়ে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে ধোকড়াকুল আখ সেন্টার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিছন থেকে আসা একটি দ্রুতগামী ধানবোঝাই নসিমনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
নিহত আয়েজ উদ্দিন মোল্লা জেলার বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামের মৃত ফায়াজ মোল্লার ছেলে। পেশায় তিনি একজন পাট ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে টলিতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী আয়েজ উদ্দিন ও চালক মো. শুভ। পথিমধ্যে ধোকড়াকুল আখ সেন্টারের কাছাকাছি পৌঁছালে পিছন দিক থেকে আসা ধানবোঝাই একটি নসিমন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাটবোঝাই ভারী টলিটি উল্টে যায় এবং আয়েজ উদ্দিন পাট ও গাড়ির নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার পর পরই ঘাতক নসিমনটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে টলিচালক শুভ বলেন, “আমার পেছনের কয়েকটি ট্রাক নিরাপদে পেরিয়ে গেলেও ধানবোঝাই নসিমনটি আমাদের গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়ির নিচে চাপা পড়েই আয়েজ উদ্দিন চাচার মৃত্যু হয়েছে।”
এদিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার