
রিয়েল খবর ডেস্ক
ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধের যে সুবিধা চালু করা হয়েছিল, তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে এখন থেকে প্রতি কর মেয়াদ বা মাস শেষে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।
চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ চালু করা হয়েছিল। তবে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, এ ব্যবস্থার পর ভ্যাট আদায়ের গতি প্রায় ২০ শতাংশ কমে গেছে। রাজস্ব আদায়ের গতি বাড়াতে তাই আগের মাসিক ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে মাসিক কর মেয়াদ অনুযায়ী রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে হবে।
রিয়েল খবর | সত্য প্রকাশে নির্ভীক আমরা
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার