সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি কাভারভ্যান জব্ধ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাটি থেকে দুই চোরাকারবারীকে আটক করা হয়।
শুক্রবার ভোরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের সামনে পলাশ বাজারের রাস্তায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁনের ছেলে মোঃ সজীব হোসেন (২৪) এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে রাস্তার ওপর একটি কাভারভ্যানে তল্লাশি চালিয়ে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা এবং ৩২ বস্তা ফুচকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা এবং জব্দকৃত কাভারভ্যানের মূল্য প্রায় ১০ লাখ টাকা, অর্থাৎ সর্বমোট ২২ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে এসআই মোঃ সাব্বির হাসান জানান, "সুনামগঞ্জ জেলাকে মাদক, জুয়া ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমুক্ত করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার