খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি, বালুমহল দখল ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ তুলে প্রচারিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা বিএনপি।
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোঃ বাহাদুর মুন্সি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি বিভিন্ন সময়ে মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তাঁদের দাবি, তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া চাঁদাবাজি, দখলদারিত্বসহ গুরুতর অভিযোগ প্রচার করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না। অভিযোগের সত্যতা যাচাই না করে এমন প্রচারণা একজন রাজনৈতিক নেতার সামাজিক মর্যাদা ও ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বাহাদুর মুন্সির কৃষিজমি ও সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি সামনে আনা হলেও এ ধরনের বিরোধের প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কাগজপত্র, মালিকানার বৈধতা ও প্রাসঙ্গিক তথ্য যাচাই করা জরুরি। সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগের মাধ্যমে নয়, বরং আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে যাচাই-বাছাইহীন তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন।
বিবৃতিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহাদুর মুন্সির বিরুদ্ধে প্রচারিত অভিযোগের নিরপেক্ষ যাচাই ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ও ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার