
ঢাকার দোহার উপজেলার নিকড়া উত্তরপাড়া এলাকায় প্রবাসী শেখ ইমরানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
ভুক্তভোগী শেখ ইমরানের স্ত্রী রানী আক্তার জানান, রাত আনুমানিক ২টার দিকে ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রধান ফটক খুলে ৬-৭ জনের একটি দল ঘরের ভেতরে ঢোকে। এ সময় ডাকাতরা তাঁর ছেলের হাত-পা বেঁধে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে একটি স্বর্ণের কানের দুল, একটি মোবাইল ফোন, ঘরে থাকা নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিকড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার