
ঝিনাইদহ প্রতিনিধি, রিয়েল খবর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে যানবাহনে শব্দের নির্ধারিত মাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে এক বাসচালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউশন প্রদান করেন। নমুনা সংগ্রহকারী মোঃ কামারুজ্জামান এবং কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানকালে চালক ও উপস্থিত জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, নিয়মিত হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযান পরিচালনার ফলে অধিকাংশ যানবাহনে তল্লাশি চালিয়েও ইলেকট্রিক হর্ণ ছাড়া হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়নি।
পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়।
রিয়েল খবর | সত্য প্রকাশে নির্ভীক আমরা
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার